ভারতের সঙ্গে বিএনপির কোনো ধরনের গোপন বা প্রকাশ্য চুক্তি হয়েছে- এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
শনিবার এক বিবৃতিতে মাহদী আমিন বলেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো সমঝোতা বা চুক্তি হয়েছে—এমন অভিযোগের পক্ষে কেউ কোনো প্রমাণ দেখাতে পারেনি। বরং এসব বক্তব্য রাজনৈতিকভাবে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা। তিনি দাবি করেন, বিএনপি সবসময় বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী এবং এ নীতির প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।
তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল গুজব ও অপপ্রচার ছড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। এসব অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাহদী আমিন বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল রয়েছে, আর সেই আন্দোলন থেকে দলকে সরিয়ে নিতে নানা ধরনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
বিএনপির এই মুখপাত্র স্পষ্ট করে বলেন, দেশের জনগণই বিএনপির শক্তি, কোনো বিদেশি রাষ্ট্র নয়। দলের রাজনৈতিক অবস্থান, কর্মসূচি ও সিদ্ধান্ত সবই জনগণের স্বার্থকে সামনে রেখেই নেওয়া হয়। তাই ভিত্তিহীন অপপ্রচারে কান না দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
নতুন কথা/এসআর
নিজস্ব প্রতিবেদক 










