পবিত্র ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।
ঈদের দিন সকালে বঙ্গভবনে ধারণ করা ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি বলেন, “আসুন বিভেদ নয়—ঐক্য, হিংসা নয়—সহমর্মিতা, স্বার্থপরতা নয়—ন্যায়পরায়ণতা এবং বৈষম্য নয়—সাম্যের আদর্শে নিজেদের গড়ে তুলি।”
রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে। এই উৎসব আমাদের বিদ্বেষ, অহংকার ও অন্তরের পশুত্বকে কোরবানি করার চিরন্তন আহ্বান জানায়।
তিনি সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেন। তিনি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান।
পরে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের আইজিপিসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। নামাজ শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নতুন কথা/এসআর
নিজস্ব প্রতিবেদক 










