টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেটের অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুরু থেকেই টাইগারদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। এমনকি পাকিস্তান নিজেও বিশ্বকাপে অংশ নেবে কি না- তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে বিশ্বকাপ ঘিরে উত্তেজনা দিন দিন চরমে উঠছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত বিষয়টি ‘আইসিসির ইস্যু’ এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার অথবা সোমবার।
এরই মধ্যে বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়ায় তাদের পরিবর্তে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এখন পাকিস্তান যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তাহলে আরও একটি আসন শূন্য হয়ে পড়বে- যা পূরণে আইসিসিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
এই অনিশ্চয়তার মধ্যেই আলোচনায় উঠে এসেছে উগান্ডা ক্রিকেট। সম্ভাব্য শূন্যস্থানকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তারা পাঠিয়েছে এক অভিনব ও ব্যঙ্গাত্মক বার্তা। উগান্ডা ক্রিকেট লিখেছে- “প্রিয় আইসিসি, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জায়গা খালি হয়, উগান্ডা একদম প্রস্তুত। ব্যাগ গুছানো, প্যাড পরা—পাসপোর্টগুলোও গরম (বরফ নয়)। কোনো বেকারকে ওভেনে ঢোকাতে হবে না, কোনো জাহাজকেও মাঝপথ থেকে ইউ-টার্ন নিতে হবে না। গরম, শোরগোল আর চাপ? আমরা আমাদের সাহসী কিট (জার্সি) নিয়েই হাজির হবো।”
এই পোস্টে স্পষ্টতই বোঝানো হয়েছে- শেষ মুহূর্তে সুযোগ এলে উগান্ডা কোনো দ্বিধা ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, উগান্ডার এই রসিকতাপূর্ণ বার্তাটি মূলত আইসল্যান্ড ক্রিকেটের সাম্প্রতিক এক পোস্টের প্রতি ইঙ্গিত করে দেওয়া। আগে পাকিস্তান সরে দাঁড়ালে আইসল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছিল। তবে পরে আইসল্যান্ড ক্রিকেট নিজেই জানায়, তারা সেই সুযোগ নিচ্ছে না। তাদের পোস্টে লেখা হয়- “ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, পাকিস্তান সরে দাঁড়ালে আমরা বিশ্বকাপে যাচ্ছি না। আমাদের হার উগান্ডার অর্জন। তাদের জন্য শুভকামনা।”
বিশ্বকাপ নিয়ে জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। তবে এর মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের স্কোয়াড কলম্বো পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত করেছে। সূচি অনুযায়ী, আগামী ২ ফেব্রুয়ারি কলম্বোর উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল। এরই মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে পাকিস্তান নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে স্বাগতিকরা। আজ লাহোরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।
বিশ্বকাপের ভাগ্য কোন দিকে মোড় নেয়, সেটি এখন সময়ের অপেক্ষা। তবে উগান্ডার এই ব্যঙ্গাত্মক চিঠি বিশ্ব ক্রিকেটের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে- এ কথা বলাই যায়।
নতুন কথা/এসআর
স্পোর্টস্ ডেস্ক 











