স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির (৪৪) হত্যাকাণ্ডে জড়িত আরেক শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ওই শুটারের নাম রহিম। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, নরসিংদী থেকে অভিযান চালিয়ে রহিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। মামলার বিস্তারিত তথ্য জানাতে শনিবার সংবাদ সম্মেলন করবে পুলিশ।
ডিবি সূত্র জানায়, মুছাব্বির হত্যা মামলায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জিন্নাত ওরফে জিন্নাতুল ইসলাম (২৪), আব্দুল কাদির (২৮) এবং মো. রিয়াজ (৩২)।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন ৮ জানুয়ারি তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার মামলার বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করেন।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িতদের বিষয়ে অনুসন্ধান চলছে।
নতুন কথা/এসআর
নতুন কথা ডেস্ক 











