ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি এবং ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ ও স্বাভাবিক বলে মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন ভোটকেন্দ্রে নিজের ভোট দেন সালাহউদ্দিন আহমদ। চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্য সদস্যরা। তারাও একই কেন্দ্রে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে। আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিয়েছি। এখানে সবাই নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও বলেন, দেশের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই গণতান্ত্রিক চর্চা জোরদার করা প্রয়োজন। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ এর আগে কক্সবাজার-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে তিনি আবারও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শুরুতেই কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 




















