ঢালিউডের সুপারস্টার শাকিব খান- যার নাম মানেই প্রেক্ষাগৃহে উৎসব, যার সিনেমা মানেই বক্স অফিসে ঝড়। দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে জনপ্রিয়তা ও সাফল্যের শীর্ষে থেকেও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্যক্তিগত অর্জনের খাতায় যুক্ত হলো না নতুন কোনো স্বীকৃতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষিত তালিকায় নেই তার নাম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী জানা গেছে, শাকিব খান অভিনীত আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও, শ্রেষ্ঠ অভিনেতার তালিকায় জায়গা পাননি তিনি। ফলে শাকিব খানের সম্ভাব্য পঞ্চম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবার অধরাই থেকে গেল।
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ গত বছর বক্স অফিসে রেকর্ড সাফল্য এনে দেয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সিনেমাটি শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ মেকআপম্যান- এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে সম্মাননা অর্জন করেছে। এ কারণে ভক্তদের প্রত্যাশা ছিল, এই সিনেমার মাধ্যমেই হয়তো শাকিব খান পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার রাষ্ট্রীয় স্বীকৃতি ঘরে তুলবেন।
এর আগে শাকিব খান চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন- ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘খোদার পরে মা’, ‘আরও ভালোবাসবো তোমায়’ এবং ‘সত্তা’ সিনেমায় অভিনয়ের জন্য।
১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন শাকিব খান। শুরুটা সহজ ছিল না। তবে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ তাকে নিয়ে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে টানা প্রায় এক দশক ঢালিউডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তিনি।
ক্যারিয়ারের উত্থানের সঙ্গে সঙ্গে বেড়েছে তার পারিশ্রমিকও। অভিনয়ের শুরুর দিকে যেখানে তিনি ছবিপ্রতি এক লাখ টাকারও কম পারিশ্রমিক নিতেন, সেখানে ২০০৮ সালেই তার পারিশ্রমিক পৌঁছে যায় ৪০ লাখ টাকায়। আর ‘প্রিয়তমা’-র অভাবনীয় সাফল্যের পর ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’- এর মতো সিনেমায় দফায় দফায় পারিশ্রমিক বাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে নাম না থাকলেও, বক্স অফিসের হিসাব আর দর্শকের ভালোবাসার জায়গায় শাকিব খান যে এখনও ‘নাম্বার ওয়ান’- তা তার ব্যস্ততা, বাজারমূল্য ও জনপ্রিয়তাই স্পষ্ট করে দেয়।
নতুন কথা/এসআর
বিনোদন ডেস্ক: 











