আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে অস্ট্রেলিয়ায় পৌঁছেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটার আগেই মাত্র সাত ঘণ্টা বিশ্রাম নিয়ে স্থানীয় সময় সকাল আটটায় মাঠে নামে দলটি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিডনি পৌঁছে খেলোয়াড়রা ওঠেন ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক এ। সেখানে কোচ পিটার বাটলার এর তত্ত্বাবধানে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা দুই ঘণ্টা অনুশীলন হয়।
দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানান, ভ্রমণজনিত ক্লান্তি থাকলেও খেলোয়াড়দের মধ্যে বড় কোনো ইনজুরি শঙ্কা নেই এবং সবাই ফিট রয়েছে। তিনি বলেন, দল দ্রুত স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং প্রথম অনুশীলন সেশন সন্তোষজনক হয়েছে।
জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দল ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কেই অবস্থান করবে। এরপর ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের অফিসিয়াল টিম হোটেলে উঠবে তারা। এর আগে ২৫ ফেব্রুয়ারি স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যা মূল আসরের আগে গুরুত্বপূর্ণ ম্যাচ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সিডনির গরম আবহাওয়ার কারণে দল সকালবেলার অনুশীলনকে অগ্রাধিকার দিচ্ছে। সকালে মাঠে অনুশীলনের পর বিকেলে জিম সেশনও করেছেন খেলোয়াড়রা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুশীলন ও ফিটনেস কার্যক্রম সমন্বয় করে খেলোয়াড়দের ম্যাচ উপযোগী করে তোলাই এখন কোচিং স্টাফের প্রধান লক্ষ্য।
১-২১ মার্চ অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 
























