অবৈধপথে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে নারী ও শিশুসহ মোট ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৭ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বাঘাডাংঙ্গা বিওপি সীমান্ত এলাকা থেকে ৭ জন, কুমিল্লাপাড়া বিওপি এলাকা থেকে ৯ জন এবং খোসালপুর বিওপি সীমান্ত এলাকা থেকে আরও ৫ জনকে আটক করা হয়। তারা সবাই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটক ব্যক্তিরা ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নতুন কথা/এসআর
নতুন কথা ডেস্ক: 
















