কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ১৮ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে, যা জেলায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট মাস বয়সী ইব্রাহিমের মৃত্যু হয়। একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস ২০ দিন বয়সী আইজা নামের আরেক শিশুর মৃত্যু হয়।
নিহত ইব্রাহিম দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। শুক্রবার বিকেলে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার বাসিন্দা মমিনুর রহমানের মেয়ে আইজা গত চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, ইব্রাহিম গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তার মধ্যে হাম ও নিউমোনিয়ার লক্ষণ ছিল।
অন্যদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, আইজা গত ৩০ মার্চ হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটে।
এর আগে একই দিনে ভোরে হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়। সর্বশেষ ঘটনাসহ জেলায় হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিভাগ সতর্কতা জোরদার করেছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 










