জনগণের “পাহাড়সম প্রত্যাশা” পূরণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মত্যাগকারীদের স্মরণে রেখেই দায়িত্ব পালন করবেন এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশের মানুষ সরকারের কাছে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। চ্যালেঞ্জ অবশ্যই আছে, কিন্তু মানুষের যে পাহাড়সম প্রত্যাশা তা পূরণে আমরা নিরন্তর কাজ করে যাব, উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য। গত ১৬-১৭ বছরে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, বিশেষ করে সাম্প্রতিক আন্দোলন ও অতীতের সংগ্রামে শহীদদের আত্মত্যাগকে ধারণ করেই সরকার সামনে এগোবে বলে জানান তিনি।
মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ধরনের অপরাধের বিচার প্রক্রিয়া আইনের নিজস্ব গতিতেই চলবে। পাশাপাশি আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।
সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন, তাই নতুন করে তার কিছু বলার নেই।
আইনমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত প্রচেষ্টা ও আইনি কাঠামোর যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশে ন্যায়বিচার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব হবে।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 



















